ঢাকঢোল পেটানো বিষয়টি আমরা খুব পছন্দ করি। লোকে বলে এটা নাকি বিশ্বের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র। হাতে লাঠি জাতিয় কিছু নিয়ে কোথাও পেটালেই চলত। এমনকি লাঠি না পেলে শুধু হাত দিয়েই পেটানো যেত। পেটানোর কিছু না পেলে নিজের বুকে পেটালেও চলে। অভ্যেসটা এখনো কারো কারো থেকে গেছে। আর যাদের পাল্টেছে তারা সবকিছুই পাল্টে ফেলেছে। ঢোলের আকার, বাজানোর পদ্ধতি সবকিছুই। বাজানোর ক্ষেত্র পাল্টেছে। একসময় যুদ্ধে কানাড়ার প্রচলন ছিল। তার শব্দেই বিপক্ষকে ভড়কে দেয়া যেত। এখন মানুষ অত সহজে ভড়কায় না। আর ভড়কারোর প্রয়োজনও হয় না। ভয় দেখানোর চেয়ে নাকি মাথায় হাত বুলিয়ে বেশি কাজ আদায় করা যায়। অনেকেই সেটাই ব্যবহার করেন।
সেকারনেই, ঢাকের পদ্ধতি আর আগের মত নেই। সাধারন কথাকেই এখন বলা হয় ঢাকঢোল। বিনা যন্ত্রে বাদ্যযন্ত্রের মত। যেমন ধরুন, ওয়াই ম্যাক্স-
হ্যা, এটা ঢাকঢোল পেটানোর ভাল উদাহরন হতেই পারে। ঢাকঢোল পিটিয়ে লাইসেন্স দেয়া হল। সরকারের কয়শ কোটি টাকা আয় হল প্রচার করা হল। এরফলে কত বিলিয়ন-ট্রিলিয়ন ডলার আয় হবে জানানো হল। দেশ ডিজিটাল হওয়ার পথে কতদুর গেল জানানো হল। কতদিনে ওয়াইম্যাক্স চালু হবে সেটা ঠিক করে দেয়া হল।
তারপর ঢাকের শব্দ কমে গেল কিছু একটা কারনে। দেখা গেল সেখানে আর কাহারবা বাজে না। মাধেমধ্যে থেমে থেমে একতালা বাজে। অমুক কারনে সময় বাড়ানো হল। তারপর আবার সমুক কারনে। অমুক তারিখ থেকে চালু করা হবে, আপনারা লাইন দিয়ে দাড়ান। অমুক তারিখ থেকে বিনে পয়সায় ব্যবহার করতে পারবেন, নিজের নাম লেখান। একটা ওয়েবসাইটে কথাবার্তা শোনা গেল। তারপর সেটা উধাও হয়ে গেল কোনরকম শব্দ না করেই। একেবারে স্থায়ী নিরবতা তৈরী করে।
তবে ঢুলি একজন নন। অন্যরা কোনমতে শব্দ চালিয়ে গেলেন। একসময় রীতিমত চমকে দেয়া হল, চালু হয়েছে। আপনারা নিয়ে যান। এখন আর ডাউনলোডের জন্য বসে থাকতে হবে না। টাকা আপলোড করুন আর ইচ্ছেমত ডাউনলোড করুন।
কত টাকা ?
বেশি না। সেকেন্ডে মাত্র ১৫ পয়সা। আজকাল কি পয়সার হিসেব আছে ? দিতে পারবেন পনের পয়সা ? একটা আটকোনা দশ পয়সা আর চারকোনা পাচ পয়সা ?
পারবেন না। অর্ধেক প্রজন্ম এগুলো চোখেই দেখেনি। আমরাই চালু রেখেছি পয়সার হিসেব। তবে কথা হচ্ছে, আপনি যদি সেকেন্ড হিসেব করে ব্যবহার করেন তবেই। আর যদি মিনিট কিংবা ঘন্টা কিংবা দিন কিংবা মাস হিসেবে যান তাহলে অন্য কথা। এখনই অত হিসেবের দরকার কি ?
তারপরও হিসেব করতে চান ? নিজেই করুন না। মিনিটে ৯ টাকা, ঘন্টায় ৫৪০ টাকা, দিনে ১২,৯৬০ টাকা, মাসে ৩,৮৮,৮০০ টাকা, বছরে . . .
হিসেব করতে থাকুন। তবে হ্যা, একেবারে শুরু থেকে এই টাকা দিতে হবে না। একমাসের জন্য যে টাকা দেবেন তাতে আড়াই ঘন্টা ফ্রি ব্যবহার করবেন।
ইন্টারনেট ব্যবহার করবেন আর টাকা দেবেন না তা-কি হয় ? একসময় ফোন করতেও তো মিনিটে ৭ টাকা করে দিয়েছেন। আইতে ৭ যাইতে ৭, অহন দিবেন না ক্যান ? জানেন কত ট্যাকায় লাইসেন্স লইছি ?
ঠিকই পারবেন। কথায় আছে না, গাধা বয় চিনি খায় ঘাস। অভ্যেস তো আছে-
0 comments:
Post a Comment