মুর্খ হবেন না

Jun 17, 2010
অসম্ভব হচ্ছে মুর্খের শব্দ, বলেছিলেন নেপোলিয়ন।
তারজন্য কথাটা মানানসই। বিশ্বজয়কেও তিনি সম্ভব মনে করেছিলেন। সে চেষ্টা করেছিলেন তারমত আরো অনেকেই। আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান হয়ে হিটলার পর্যন্ত। কারো কারো শেষ উপলব্ধি ছিল বিশ্ব জয় করার জন্য জীবনটা ছোট। আরো কিছুদিন বেচে থাকলে নিশ্চয়ই সম্ভব হত।
কাজেই, কেউ কেউ যেমন বিজ্ঞাপনে বলেন তাদের সামর্থের সীমানা আকাশ পর্যন্ত তেমনি অনেককিছুরই সীমানা জীবন পর্যন্ত। আর জীবন বিষয়টিও অনিশ্চিত। কে জানত বেচারা আলেকজান্ডার মারা যাবেন ৩১ বছর বয়সে। যে বয়সে বাংলাদেশে একজন চাকরীর দেখা পায় না। এমনকি সেটা করার বয়স হয়েছে বলেও মনে করেনা।
সে যাকগে, বলছিলাম অসম্ভবের সাথে মুর্খের সম্পর্কের কথা। একজন মুর্খ ব্যক্তি অসম্ভব কাজের চেষ্টা করে। যখন নিশ্চিত জানে সেটা হবে না তারপরও।
যেমন ধরুন, ঢাকা শহরের যানজট নিরশন। প্রতিদিন হাজার হাজার মানুষ মুর্খের মত আউড়ে যাচ্ছে কি করিলে কি হইবে। সরকার, ট্রাফিক পুলিশ, যানবাহন থেকে শুরু করে পথচারী পর্যন্ত সকলেই দোষী। সকলের সংশোধন করতে হবে। প্রয়োজনে ড্রাইভারদের লাইসেন্স নতুনভাবে দেয়া হোক থেকে শুরু করে মোড়ে মোড়ে ক্যামেরা বসানো পর্যন্ত সবই রয়েছে পরিকল্পনা। রীতি অনুযায়ী রাস্তায় দাগ কেটে দেখিয়ে দেবেন কোন গাড়ি কোথায় চলবে, মোড়ে মোলে লাল-সবুজ-হলুদ আলোকসজ্জা করবেন, সেটা পাহাড়া দেয়ার জন্য কয়েকজন ট্রাফিক পুলিশ দাড় করিয়ে রাখবেন। তারপরও হচ্ছে যাজনট। সেটা নিরসনের ব্যর্থ চেষ্টা। অসম্ভবকে সম্ভব করার চেষ্টা।
মুর্খ শব্দটাও এক্ষেত্রে একেবারেই বেমানান। এদের বলতে হয় ব্যাক্কল। নিজের গাড়িটা রাস্তার পাশে থামিয়ে রেখে খোজ করে, যানজট কেন হল ? ওটা তো হওয়ার কথা না। ওই যে, ওই গাড়িটা কার দ্যাহেন তো। সরায়া দ্যান। ভাগাড়ে নিয়া যান।
বিষয়টির শেষ আসলে অসম্ভবে, তারমানে মুর্খতায়।
মুর্খতার অন্য আরো অনেক উদাহরন দেয়া যায়। যানজটের মত সেটা নিয়েও কথাবার্তা কম হয় না, বরং আরো বেশি হয়। দুর্নীতি। সবারই বক্তব্য, আমি বাদে সবাই দুর্নীতিবাজ। সবাই চুরি করছে। টেন্ডাবাজি করছে। চাদাবাজি করছে। ঘুস নিচ্ছে। কোটিপতি হচ্ছে। ওদের ফাসিতে ঝুলানো উচিত। নিতান্ত গনতান্ত্রিক নীতিতে চলি বলে মারতে পারি না।
অবশ্য টেন্ডারবাজি বন্ধ করার নতুন পদ্ধতি বের করা হয়েছে। ওইযে পত্রিকায় দেখেননি, অর্থবছরের যাকিছু কাজ তা ভাগ করে নিয়েছে সাংসদ আর নেতারা। টেন্ডার মানেই টেন্ডারবাজি, মারামারি। পত্রিকায় ছবি-খবর। ওসব ঝামেলায় গিয়ে কাজ কি!
বিশ্বজয় করা নিশ্চয়ই সম্ভব। আরো আকাশ পাড়ি দেয়া যেমন সম্ভব ঠিক সেভাবেই। জগতে একটিমাত্র কাজই অসম্ভব, তা হচ্ছে নির্লজ্জকে লজ্জা দেয়া।
সে চেষ্টা করবেন না। নিজেকে মুর্খ বানাবেন না।

0 comments:

 

Browse