বাজেটে বিশেষজ্ঞপ্রাপ্তি

Jun 11, 2010
জুনের আগেই আপনি অনেক বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারেন। লিষ্ট তৈরী করতে পারেন কোন জিনিষ আগাম কিনতে হবে, কোনটা কেনা বাদ দিতে হবে এইসব। টাকামন্ত্রী কখনো নতুন ট্যাক্স আদায় করেন না। আগেথেকেই যা আছে তার পরিধি বাড়ান। নিতান্ত মুর্খ হলে প্রশ্ন করতে পারেন নতুন ট্যাক্স বসানোর যায়গা আছে কোথায় ? পথে হাটতে গেলেও ট্যাক্স দিতে হয়। পায়ে যে জুতা-স্যান্ডেল দিয়েছে তার ওপর কর-মুসক দুইই দিতে হয়েছে। জেনেশুনে মুর্খতা না করাই ভাল। সে ইচ্ছে হলে জামাকাপড়-জুতা ছেড়ে বাইরে বেরন।
সেকথা যাকগে। এমনিতেই কাঠালপাকা গরম, তারওপর এসব অকারন বিষয় নিয়ে মাথা ঘামাতে নেই। বরং ওইসব বস্তুগত বৃদ্ধির বাইরে যদি কোন বৃদ্ধি থাকে সেটা একবার দেখে নেয়া যাক।
এইযুগে নিশ্চয়ই আপনার টিভি ছাড়া চলে না। (আর এই প্রসংগে একবার জেনে নিন, বাজেটে এলসিডি-এলইডি প্যানেলের দাম কমেছে)। দিনে কাজ থাকলে রাতে আর কোন কাজ না থাকলে দিনে-রাতে সবসময় সেটা চালু থাকে। আপনার কথা ভেবেই ডজনদুয়েক টিভি চ্যানেলও চালু করা হয়েছে। আরো হবে ইনশাল্লাহ।
ভাবছেন কিসের মধ্যে কি।
কথা হচ্ছে টিভি চালু করলে চ্যানেল বৃদ্ধির সাথে আরেকটি বৃদ্ধি আপনার নজরে আসবেই। তা হচ্ছে বিশেষজ্ঞ। প্রতিমুহুর্তে ডজনখানেক চ্যানেলে বিশেষজ্ঞ মত দিচ্ছেন কয়েক ডজন বিশেষজ্ঞ। একবার হিসেব করে দেখুন। একডজন চ্যানেলে যদি প্রতিটিতে গড়ে ৪ জন করেও থাকেন তাহলে ৪ ডজন, মানে আটচল্লিশ। প্রতি দুঘন্টায় একবার করে হলে দিনেরাতে আরো ১২ গুন। কত হল ? ৫৭৬। যদি বাজেটের আগে পরের ৪ দিন ধরেন তাহলে মোট ৮ দিন, তারমানে ... সাড়ে ৪ হাজার ছাড়িয়ে।
বাপরে, এত বিশেষজ্ঞের এত মত শুনবেন কখন। একজন বলছেন এই বাজেটে ধনী-দরীদ্রের ব্যবধান কমবে, আরেকজন বলছেন গরীবের সংখ্যা তো বাড়তেই আছে। একজন বলছেন কল্যানমুখি বাজেট, জনসাধারনের বাজেট। আরেকজন বলছেন কোটিপতি কালোটাকার মালিককে বলা হচ্ছে ট্যাক্স দিতে হবে না আর মাসে ১৪ হাজার টাকা আয় করে (ব্যয় করে অনেক বেশি) তাকে ট্যাক্সের  দিতে হবে। একজন বলছেন এই প্রথম টাকামন্ত্রী আগের ব্যর্থতা স্বিকার করেছেন। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। আরেকজন বলছেন অর্থমন্ত্রী যে বললেন ৬ শতাংশ প্রবৃদ্ধি সেটা এলো কোথা থেকে। তিনিই তো বললেন বিদ্যুত সমস্যার কথা, বিনিয়োগ কমার কথা, আমদানী-রপ্তানী দুই কমার কথা। প্রবৃদ্ধি কি ধানখেতে গজালো! একজন বলছেন মানবসম্পদ উন্নয়নে বিশাল ব্যয় ধরা হয়েছে, আরেকজন বলছেন ওই টাকাটা দেবে কে। স্কুল-কলেজ-ছাপাখানা থেকে শুরু করে সব যায়গায় তো ট্যাক্স বাড়ল। একজন বলছেন বিদেশ থেকে শ্রমিকদের পাঠানো টাকাও তো কমে গেছে, ওইযে হাজার হাজার শুমিক ফেরত আসছে। আরেকজন তাকে থামিয়ে বলছেন, মোটেই কমেনি। টাকার পরিমান বেড়েছে। শ্রমিক ফেরত আসতে পারে, তারপরও টাকার পরিমান বেড়েছে ...
সেই গল্পের কথা মনে পড়ছে কি ? রোগি গেছে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। ডাক্তার তাকে টিপেটুপে দেখে জিজ্ঞেস করলেন, মাঝেমাঝে জ্বর আসে ?
রোগি বলল, হু।
মাথা ঘোরে ?
হু
বমি হয় ?
না।
নিশ্চয়ই হয়। ঘুমের মধ্যে হয়, টের পাওনা। ডাক্তারের চেয়ে বেশি বোঝ ?
আপনি কখনোই ডাক্তারের চেয়ে বেশি বুঝতে পারেন না। এই বিশেষজ্ঞগন যা বলেন তারচেয়ে বেশি আপনি জানতেই পারেন না। তাদের বক্তব্য শুনে যাওয়া ছাড়া আপনার যা করার থাকে তা হচ্ছে বিশ্বকাপের অপেক্ষা। ২৪ ঘন্টার কম সময়।
একটা কথা মানতেই হয়। বাজেটে অন্য সবকিছুর দাম যেমন বৃদ্ধি পায় তেমনি বাজেট এলে বিশেষজ্ঞও বৃদ্ধি পায়। রীতিমত তাল মিলিয়ে।
এটা কি কম পাওয়া ?

0 comments:

 

Browse