জুরাসিক যুগ

Jun 22, 2010
জুরাসিক যুগে বিশাল আকারের এক ডাইনোসর ছিল। শরীরের তুলনায় মাথাটা একেবারেই ছোট। এতবড় শরীর এত ছোট মাথা চালাবে কিভাবে! সেজন্যই সৃষ্টিকর্তা তার লেজেও কিছুটা মস্তিস্ক দিয়েছিলেন। তাকে মস্তিস্ক বলা যায় কিনা সেনিয়ে তর্ক করতে পারেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন তার লেজের মধ্যে এমন কিছু ছিল যা চিন্তা করতে পারত। ঠিক মাথার মগজের মতই।
ফল কিন্তু হয়েছিল একেবারে বিদঘুটে রকমের। মাথা বলত ওদিকে যাই, লেজ বলত না সেদিকে। ফলে তার দেহটি কোনদিকেই নড়ত না। এভাবেই, সিদ্ধান্ত নিতে না পেরে এক যায়গায় থেকে নাকি অনাহারে কাবু হয়ে মারা যেত।
মানুষ এদিক থেকে নিরাপদ। সেই প্রাচীনকালে লেজ খসানোর সাথেসাথে এই সম্ভাবনা একেবারে ঝেড়ে ফেলেছে। লেজই যদি না থাকে তাহলে বিপরীতদিকে টানবে কে ?
থামুন, থামুন।
একটু দেখুন তো চোখ মেলে। ওই যে পথে হেটে চলেছে ওই লোকটাকেই নাহয় দেখুন কিছুক্ষন। রীতিমত ভীড় থেলে চলতে হচ্ছে। (আজকাল পথে হাটার জন্যও শক্তিপরীক্ষা দিতে হয়। আগামীতে নিশ্চয়ই দুর্বলেরা পথে বেরবেন না। ডারউইনের তত্ত্ব, শক্তিশালীরাই টিকে থাকে)।
এই ভীড়ের মধ্যেই, হাটতে হাটতে সে থামল। চারিদিকের ধাক্কাগুতো সহ্য করে চারিদিকে তাকাচ্ছে। সামনে-পেছনে-ডাইনে-বায়ে। উল্টোদিকে ঘুরল। কয়েক পা হাটল। আবার ঘুরল। আবার কয়েক পা আগের পথেই। আবার থামল। আবার ঘুরল।
তার লেজ নেই সেটা দেখাই যাচ্ছে তাইবলে একই মস্তিস্ক কাজ করছে এমনটা বোধ হল না। এক মস্তিস্ক যদি কাজ করে তাহলে কোনদিকে যাবে ঠিক করতে পারছে না কেন ?
কিংবা পরিচিত কারো কথাই ধরুন না কেন। যেমন একজন বেকার (এই বিষয়ে গবেষনা করতে কোন সমস্যা নেই কারন বেকার অফুরন্ত)।
বছর দশেক আগে শুনেছেন সে চাকরী খুজছে। আরো শুনেছেন ব্যবসার চেষ্টা করছে। আরো শুনেছেন ড্রাইভিং শিখবে। আরো শুনেছেন কম্পিউটারের কাজ শিখবে। আরো শুনেছেন টাকা হাতে পেলে শেয়ার ব্যবসা করবে।
দেখা হওয়া জিজ্ঞেস করলেন, খবর কি ?
কয়টার খবর দরকার ?
এমন সুখে বাক্যালাপ শুনলে কার না মন ভাল হয়। নিশ্চয়ই ভাল জাকরী পেয়েছে। ফুর্তিতে আছে। সেটাই জানার চেষ্টা করলেন, চাকরী কেমন চলছে ?
-         চাকরী আর পাইলাম কই। দ্যাশে কি চাকরী বইলা কিছু আছে। আজকাল মামা-চাচায় হয় না, নেতা-মন্ত্রী লাগে।
-         তাহলে ব্যবসা করছেন বুঝি ? কিসের ব্যবসা ?
-         কিসের ব্যবসা করমু কন তো। আজ এই ব্যবসার ভাল দিন তো কাল ওই ব্যবসার। সব বাটপারের দখলে।
-         শেয়ার ব্যবসা করছেন নাকি ? সকলেই তো করছে। কমদামে কিনে বেশি দামে বিক্রি।
-         কি যে কন না। আমি কিনতে গেলে দেখি দাম বেশি, বেচতে গেলে কম।
-         কম্পিউটার শেখার খবর কি ?
-         ভাবতাছি ফটোশপ শিখমু। আর ওয়েব ডিজাইন। চাকরী-বাকরির দরকার নাই। ঘরে বইসা কাম করা যায়। আয় করা যায়।
-         দশ বছর আগে তো শুনেছিলাম ফটোশপ শিখবেন। ফটোশপ শিখতে কি দশ বছর লাগে ?
-         কি যে কন। একবার দেহায়া দিলেই পারি।
-         তাহলে শেখা হল না কেন ?
-         ওই একবারই তো কেউ মন দিয়া দেহায় না। আর ফটোশপ শিখমু নাকি অটোক্যাড শিখমু নাকি ম্যাক্স-মায়া শিখমু ঠিক করি নাই। দেহি না কয়দিন-
জুরাসিক যুগ শেষ হতে পারে, বৈশিষ্ট রেখেই গেছে।

0 comments:

 

Browse