যুগান্তকারী গল্প

Jun 2, 2010
বহু বছর আগে ঈশপ এক গল্প বলেছিলেন। এক নেকড়ে দেখল একটা মেষশাবক পানি খাচ্ছে। এমন সহজ শিকার হাতছাড়া করে কে। মজা করে খাওয়া যাবে। আচ্ছা একটা কারন দেখাই। আইন বলে তো কথা আছে।
সামনে গিয়ে হাক দিল, এই তুই আমার পানি ঘোলা করছিস কেন ?
মেষশাবক বলল, আমি আপনার পানি ঘোলা করছি কিভাবে ? পানি তো আপনার দিক থেকে আমার দিকে গড়াচ্ছে।
নেকড়ে বলল, খুব যে কথা শিখেছিস। তা গতকাল আমাকে গালি দিয়েছিস কেন ?
মেষশাবক বলল, গতকাল তো আমাদের দেখা হয়নি।
নেকড়ে বলল, তাহলে তোর মা দিয়েছে।
মেষশাবক বলল, আমার মা তো মারা গেছে অনেকদিন।
নেকড়ে ধমকে উঠে বলল, বেয়াদপ। বড়র সাথে মুখে মুখে তর্ক। দিচ্ছি তোর ঘাড়টা মটকে।
বুশ-ব্লেয়ার সাহেব যখন ইরাকে সৈন্য পাঠান তখন গল্পটা নানাযায়গায় প্রচার পেয়েছিল। ব্যাটা সাদ্দাম টুইন টাওয়ারে হামলা করেছে। না বানালে পারমানবিক বোমা বানাচ্ছে। না বানালে রাসায়নিক বোমা বানাচ্ছে। সেটাও না করলে আমেরিকায়-ইউরোপে হামলার পরিকল্পনা করছে। সেটাও না করলে ওর মাথায় খারাপ মতলব আছে।
এমন যুগান্তকারী গল্প একমাত্র ঈশপের পক্ষেই বলা সম্ভব। অবশ্য যদি তার গল্পের মত যুক্তি দাড় করানোর প্রয়োজনীয়তা থাকে। আজকাল সেটাও প্রয়োজন হয় না। ইসরায়েল হামলা করে ৯ জন মানবাধীকার কর্মীকে মেরেছে, আন্তর্জাতিক জলসীমায়, তাতে কি ? তাদের জন্য হুমকি দেখা দিলে তারা সেটা করতেই পারে।
সেতুলনায় টিভি চ্যানেল বন্ধ করা, ফেসবুক বন্ধ করা, খবরের কাগজ বন্ধ করা এসব তো মামুলি বিষয়। ওই ব্যাটা সম্পাদক ছোটমুখে বড় কথা বলে কেন ? মুখে মুখে তর্ক। কদিন রিমান্ডে থেকে দ্যাখ ওটা কি জিনিষ। 
কি কন ? ওয়ারেন্ট ??  আমার দ্যাশ আমি চালামু, ওয়ারেন্ট লাগব ক্যান ???
জানেন না, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের গঠনমুলক সমালোচনা করুন। কি কি ভাল কাজ করেছে সেকথা বলুন। প্রয়োজনে সব ধরনের সাহায্য সহযোগিতা পাবেন। প্লট পাবেন, লোন পাবেন। স্বাধীনতার অপব্যবহার করবেন না। দেশের জন্য কাজ করুন। দেশ তরতর করে সামনে এগিয়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোন সময়ের চেয়ে ভাল। বাংলাদেশের ইতিহাসে এমন সার্থকভাবে দেশ চালানোর নজির নেই। দেড় বছরে হরতাল ডাকার মত কোন পরিস্থিতি হয়নি। তারপরও যদি হরতাল ডাকা হয়,
আমরা আইনের সাহায্য নেব। আদালত আমাদের পক্ষে কথা বলবে। হরতাল বেআইনি।
তারপরও যদি হরতাল হয়, আমরা কথা দিচ্ছি হরতালে বাধা দেব না। আমরা হরতাল ডাকলে তারা যা করেছে আমরাও তাই করব।
মুল বিষয়টা আসলে এখানেই। আমরা এবং তারা। কার শক্তি বেশি, কার কম। কখন বেশি, কখন কম। একসময় যারা নেকড়ে আরেকসময় তারাই মেষশাবক। মেষশাবক থেকে নেকড়ে।
পরিস্থিতি যখন নিয়ন্ত্রনে, মানে পুলিশ যখন সরকারের কথামত চলে তখন আপনি কোন দলে যাবেন নিজেই ঠিক করে নিন।

0 comments:

 

Browse