সকল কাজের কাজী

Dec 25, 2009
দুজন কাজী আমার পরিচিত। একজন কাজী নজরুল ইসলাম, আরেকজন বিয়ের কাজী। প্রথমজন বহুবছর নিরবে থেকে নিরবে বিদায় নিয়েছেন। তার সম্পর্কে নিরবতা পালন করাই উত্তম। আরেকজন সরবে বিদ্যমান। শহরের দেয়ালে এখানে ওখানে বিশাল বিশাল বিজ্ঞাপন, অত্র এলাকার কাজী অফিস অমুক যায়গায়। প্রয়োজন হলে সেখানে যোগাযোগ করুন। সাথে সাবধানবানীও লেখা থাকে, এক এলাকায় বিয়ে অন্য এলাকায় পড়ানো অবৈধ। কাজেই অবৈধ কাজ করবেন না। তার কাছেই যাবেন।
আমার ধারনা কাজীর কাজ মুলত একটা খাতায় নামধাম লিখে রেজিষ্ট্রি করা। সরকার একাজের জন্য তাকে নিয়োগ করেছেন। এজন্য ফি দিতে হয়। তবে শোনা কথা, সেই ফি এর পরিমান ঠিক করেন কাজী। চার অংক, পাচ অংক, ক্ষেত্র বিশেষে ছয় অংকেও গিয়ে ঠেকে। কাজেই কাজীর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। এমন দক্ষতা অন্য কারো থাকলে তাকেও কাজী বলতেই পারেন।
যেমন ধরুন একজন নেতা। তিনি জানেন কিভাবে হাজার হাজার মানুষকে নিজের কথায় চালাতে হয়। প্রয়োজনে তারা পথে নামবে, আন্দোলন করবে, মাথা ফাটাবে। নিজের জীবনের ঝুকি নিয়েও নেতার পথের কাটা দুর করবে। এমনকি নেতাকে নেতৃতোব রাখার জন্য নিজের জীবন দিতেও কুন্ঠাবোধ করবে না। যিনি হাজার হাজার মানুষকে এভাবে নিজের নিয়ন্ত্রনে আনতে পারেন তাকে কি কাজী বলা অন্যায় ?
কিংবা একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে পেশাদার বুদ্ধিজীবী সম্ভবত নেই। তারা অন্য কোন পেশায় নিয়োজিত। হয় শিক্ষক, নয়ত উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত, কিংবা আইন ব্যবসায় সম্পৃক্ত, কিংবা সংবাদ মাধ্যমের সাথে জড়িত। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা-রাত সবসময় তারা সমাজের উন্নতির লক্ষে সভা-সেমিনার-টকশো-পথসভা করেই যাচ্ছে। একেবারে বিরামহীন। মুল পেশা নিয়ে কখনোই মাথা ঘামাতে হয় না। নিজের বাড়ি-গাড়ি নিয়েও ভাবতে হয় না। ওগুলো হয়ে যায়। তাকে কি কাজী বলা যায় না ?
কিংবা ধরুন একজন ব্যবসায়ী। চাল ব্যবসা করে কোটিপতি হয়েছেন। কৃষকদের অন্নসংস্থান করছেন। কৃষকের দুখে দুখী হয়ে চালের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন। তাকে কি কাজী বলা যায় না। কিংবা একজন শিল্পপতি। যিনি হাজার হাজার বেকারের কর্মসংস্থান করেছেন। সংকটের কারনে তাদের কয়েকশ টাকার বেতন মাসের পর মাস বাকি থাকে অথচ যার বেতন লক্ষ টাকা তার বেতন সবসময় অগ্রীম। নিজের বাড়ি-গাড়ি-হালচালে কখনো কমতি নেই। তাকেও কি কাজী বলা যায় না ?
কিংবা ধরুন নিতান্ত সাধারন একজন পুলিশ। ফুটপাতের দোকানের সামনে দাড়ালেই যার হাতে টাকা চলে আসে, তারই বা দক্ষতা কম কিসে ? সেতো আগে জানিয়েই দিয়েছে, মুখফুটে বলতে হবে কেন ? তাকেও তো কাজী বলা উচিত-
সমস্যা হচ্ছে এরা কেউই নির্জীব নন। তাদের যদি কাজী ডাক শুনতে পছন্দ না হয় দেখিয়ে দেবেন কাজীগিরি কাকে বলে। তারচেয়ে বরং নির্জীব বস্তুকে কাজী বলাই নিরাপদ। সেকারনেই আমার পছন্দ, মোবাইল ফোন।
একটা মোবাইল ফোন হাতে নিন। ব্যস, দুনিয়ার সবকিছু আপনার দখলে। প্রয়োজনে ফোন করুন,  অপ্রয়োজনে কাউকে মিসকল দিন, কিংবা গালাগালি করুন, গান শুনুন, রেডিও শুনুন, ভিডিও দেখুন, টিভি দেখুন, ইমেইল করুন, ফেসবুক-টুইটার ব্যবহার করুন, গেম খেলুন, ইংরেজি শিখুন, ছবি উঠান, ভিডিও করুন। দুনিয়ায় এমন কাজ নেই যা করা যাবে না।
এটাই সত্যিকারের সকল কাজের কাজী।

0 comments:

 

Browse