শিখতে চান ???

Jan 3, 2010
শিক্ষায় আমাদের আগ্রহের অন্ত নেই। শেখায় এবং শেখানোয়। ঢাকা শহরের যেদিকে চোখ যায় পথের দুপাশে শুধুই স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়। পোষ্টার-ব্যানার আর দেয়াল লিখন। অমুক স্যারের তমুক পদ্ধতি, অমুক স্যার তমুক যায়গায় পড়ান, অমুক স্যার নিজেই পড়ান, অমুক স্যার তমুক শিক্ষকদের আতংক। এদের অফিস আছে, বসার যায়গা আছে, শাখা-প্রশাখা আছে। কাজেই বড়বড় বিজ্ঞাপনও আছে। যদি চোখের জ্যোতি থাকে তাহলে দেয়ালের আরো কাছে যান। পড়াইতে চাই, পড়াব, গনিত শিখাই, শেখাব, অংক শেখাই, বাড়ি গিয়ে শেখাই, ইংরেজি শেখাই ইত্যাদি ইত্যাদি। হাতে লেখা ছোট ছোট বিজ্ঞাপন। এদের ব্যানার টাঙানোর অর্থ নেই, অফিস ভাড়া করার সামর্থ্য নেই। আছে শেখানোর আকুতি। বাড়ি বাড়ি ঘুরে শেখাবেন।
নিতান্তই বেরসিক হলে প্রশ্ন করতে পারেন যেদেশে প্রতি দুই সপ্তাহে জনসংখ্যা বৃদ্ধি ১ লক্ষ সেখানে যুগ পার হলেও সরকার নতুন ইউনিভার্সিটির কথা মুখে আনে না কেন। শুধু সরকার কেন, বিরোধী দল, দেশের হর্তকর্তা বুদ্ধিজীবীরা।
হে-হে-হে-
তাইলে এইসব লক্ষ লক্ষ মানুষ বেকার হইব না। তারা করব কি ? আর ওইসব ইউনিভার্সিটির ঝামেলাও তো কম না। সারাবছর গন্ডগোল। সবাই কি আর কথা শোনে। অমুক দল করে, তমুক দল করে। তার ওপর যদি কেউ সত্যিসত্যি বইপত্র পড়তে শুরু করে, তারসাথে মিলাইতে চায়, প্রশ্ন করতে শুরু করে তাইলে বিপদ। ওই বিপদ ডাকা প্রয়োজন নাই। এই শিক্ষাই ভাল শিক্ষা। যেমনে চালাইবেন তেমনে চলব। প্রশ্ন করব না। কান্ধে একটা ব্যাগ ঝুলাইয়া সকাল থিক্যা রাত পর্যন্ত আড্ডা দিব। জীবন উপভোগ করব। হলিউডের টিভি-শো দেখায় না। ওই-যে, টিনেজাররা ক্যামনে জীবন উপভোগ করে। সেইডা করব। পাচ বছর পর, দশ বছর পর কি করব, ভাত কই পাইব জিগাইব না। তার দরকার কি ? জীবন একটাই, উপভোগ করা চাই। বর্তমানে বাপে আছে, ভবিষ্যতে নেতা আছে।
এরে কয় সার্বজনিন শিক্ষা। লোকে কয়, শিক্ষা জাতির মেরুদন্ড। ক্যান, খালি মেরুদন্ড ক্যান! বাকী যায়গা কি দোষ করছে ? আমাগো এই শিক্ষা মাথার চুল থিক্যা পায়ের নখ পর্যন্ত বিদ্যা ছড়ায়। ওইসব কলেজ ইউনিভার্সিটির দরকার হয় না। ছোট-বড়-মাঝারী, ধনী-গরীব- সকলেই শেখে। কত তাড়াতাড়ি শেখে তার নমুনা শুনবেন। ওই-যে, একসময় রাজাকার নিয়া বহুত আন্দোলন হইল। রাজাকারগো বিচার করবোই করব, সেই সময়ের ঘটনা। বাসে ভাড়া নিয়া ক্যাচাল। রাগ কইরা প্যাসেঞ্জার কইয়া বসল, ব্যাটা রাজাকার। আর যায় কোথায়। এক্কেরে হাতাহাতি।
তারপর ধরেন জরুরী সরকারের সময়। চারিদিকে রব উঠল দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ। ওইডারে মুক্ত করতে হইব। এক রিক্সাঅলার সাথে প্যাসেঞ্জারের লাগল। প্যাসেঞ্জার কইয়া বসল, ব্যাটা দুর্নীতিবাজ। রিক্সাঅলা কম যায় কিসে ? সে গলা চড়াল, দ্যাহেন খারাপ গালি দিবেন না।
আছে অন্য কোন শিক্ষা ব্যবস্থা! এত সহজে এইসব শিখাইতে পারে!!
এইদেশের মানুষ মেধাবী হইয়াই জন্মায়। ধার্মীক হইয়াই জন্মায়। তারপর কোরান-হাদিস শিখাইয়া দেয় ওইসব মোল্লারা। কত সুন্দর সুর কইরা, গল্প কইরা কথা কয়। অহন সিডি-ডিভিডির যুগে সিডি-ডিভিডিও পাওয়া যায়। বিশ্বাস না হয় যাচাই কইরা দ্যাখেন, দেশে একজনও পাইবেন না যে কোরান-হাদিস জানে না। নীতিকথা জানে না।
আর কি শিখতে চান কন-তো। আমেরিকান ষ্টাইলে সুর কইরা কথা কইবেন ? আমেরিকান পোষাক পড়বেন ? নাকি বলিউডের ? টিভি দ্যাখেন।
সমাজে কেমনে চলতে হয় শিখবেন ? চুরি-বাটপারি-জোচ্চুরি কেমনে হয় শিখবেন ? আরো দশটা টিভি চালু হইতাছে।
চাপাবাজি-গলাবাজি-বিবৃতিবাজি শিখতে চান ??

0 comments:

 

Browse