বাংলাদেশ নামে অথবা কাজে যেভাবেই ডিজিটাল হোক না কেন মানুষ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। প্রত্যেকের পকেটে মোবাইল ফোন, দেশের প্রধান প্রতিষ্ঠান মোবাইল অপারেটর। সবার মুখে মুখে ইন্টারনেট। কৃষক কি চাষ করবেন জানার জন্য ইন্টারনেট দেখে নেবেন। ইন্টারনেটের বিজ্ঞাপন বলছে কিভাবে রান্না করবেন, কতটুকু তেল দেবেন সেটা জেনে নেবেন ইন্টারনেট থেকে। গ্রামে বসেই চাইনিজ খাবেন। সরকার জানিয়েছে ইউনিয়ন পর্যায়ে অপটিকাল ফাইবার কেবল বসানোর কাজ শুরু হয়েছে। কাজেই খুব দেরি নেই ...
অন্য অনেককিছুর মত প্রযুক্তির ব্যবহারও মানুষের ওপর প্রভাব ফেলে বৈকি। কেউ কেউ একেই ব্যবসা হিসেবে ব্যবহার করে। আমি ডাউনলোড ব্যবসার কথা বলছি না, ওটা পুরনো গল্প। ইন্টারনেট ব্যবহার করে কিভাবে কোটিপতি হবেন একথা বলেও অনেকে ব্যবসা করে। সিডি-ডিভিডি বিক্রি হয়, টাকা দিয়ে সেমিনারে যায়।
কেউ কেউ আবার ওয়েবসাইট করেও এসব কথা জানায়। সমস্যা একটাই একাজে সরাসরি টাকা নেয়া যায়না। টাকা দিয়ে কেউ ওয়েবসাইট দেখে না। বরং সেখানে বিজ্ঞাপন থাকে, তাতে ক্লিক করলে সে ধনী হয়। একটু ঘুরিয়ে খাওয়া আর কি।